হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে কঠোর নজরদারি, সিসিটিভি ক্যামেরা ও ধারাবাহিক অভিযানের পরও স্বর্ণ চোরাচালান থামছে না। উল্টো নিরাপত্তার ফাঁকফোকর গলে প্রতিনিয়ত নতুন কৌশল নিচ্ছে চোরাকারবারি চক্র, আর এতে সরাসরি সহায়তাকারী হিসেবে জড়িয়ে পড়ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ কর্মকর্তা-কর্মচারীরাই। সাম্প্রতিক একাধিক চালানে বিমানকর্মীদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ হাতে আসায় দায়ীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে নড়েচড়ে বসেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস হাউস। এর অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে গত ২ নভেম্বর এনবিআরের কাস্টমস নীতি ও আইসিটি সদস্যের কাছে একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. রইচ উদ্দিন খান। মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বিমানকর্মীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের সাম্প্রতিক তিনটি বড় ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই তিনটি অভিযানেই মোট ২০৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার সম্মিলিত ওজন ২৪ কেজি ৩৭০ গ্রাম (২৪.৩৭ কেজি) এবং আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি ২৫ লাখ টাকার বেশি। ৪ অক্টোবর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুজন কর্মীর জুতার ভেতরে লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দকৃত এই স্বর্ণের ওজন ৯.৪ কেজি এবং বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। ১ অক্টোবর বিমানকর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি চালিয়ে ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন ১ হাজার ৫০ গ্রাম (১.০৫ কেজি) এবং বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় ওই কর্মী ও এক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। ৬ সেপ্টেম্বর বিমানের চট্টগ্রাম-ঢাকা রুটের বিজি-১৪৮ ফ্লাইট থেকে সহকারী টেকনিক্যাল হেলপার মো. শোয়েব গাজীর শরীরে লুকানো অবস্থায় ১২০টি স্বর্ণবার জব্দ করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণের মোট ওজন ১৩.৯২ কেজি। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. রইচ উদ্দিন খান তাঁর পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, সাম্প্রতিক এসব ঘটনার পাশাপাশি অতীতেও বিমানকর্মীদের মাধ্যমে বা সংশ্লিষ্ট ফ্লাইটে পরিবাহিত স্বর্ণ চোরাচালানের আরও একাধিক ঘটনা উদ্ঘাটিত হয়েছে। তাই ঘটনার পুনরাবৃত্তি রোধে বিমানবন্দরের নিরাপত্তা, কাস্টমস নিয়ন্ত্রণ, সংরক্ষিত এলাকায় প্রবেশাধিকার এবং চোরাচালান প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। চিঠিতে সংরক্ষিত এলাকায় প্রবেশাধিকারের অপব্যবহার খতিয়ে দেখা, সংশ্লিষ্ট নথি ও তদন্ত প্রতিবেদন সংগ্রহ এবং বিমানকর্মীদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা চাই স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিমান কর্তৃপক্ষ কর্মীদের সচেতন করে হোক বা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েই হোক, কার্যকর কোনো উদ্যোগ নিক- এ কারণেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিমানের কর্মী, বিশেষ করে যারা বিদেশে আছেন কিংবা যাতায়াত করছেন, তাদেরকে একটি সার্ভেইলেন্সের মধ্যে আনা উচিত। তারা কোথায় যাচ্ছেন বা কোথায় যেতে পারবেন এসব বিষয়ে নজরদারি থাকা দরকার। একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যই যদি হয় চোরাকারবারি করা, তাহলে তাদের সঙ্গে পারা কঠিন। অতীতে অনেকের শাস্তি হলেও পাচার বন্ধ হচ্ছে না; তাই একটি ইন্টিগ্রেটেড (সমন্বিত) সিস্টেম গড়ে তোলা জরুরি। পুলিশ, শুল্ক বিভাগ ও ঢাকা কাস্টমস হাউসের নথিপত্র পর্যালোচনায় বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০১৬ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ১০ বছরে কেবল শাহজালাল বিমানবন্দর থানাতেই স্বর্ণ চোরাচালান-সংক্রান্ত ৬৯৭টি মামলা দায়ের হয়েছে। ২০২১ সাল থেকে পরবর্তী সাড়ে পাঁচ বছরে বিমানবন্দর থেকে অন্তত ১ হাজার ৯০২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৭২৮ কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সাড়ে পাঁচ বছরে দেশে মোট ১ হাজার ৯০২ কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৩ হাজার ৭২৮ কোটি টাকা। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ প্রায় ৬৯৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছিল। এরপর ২০২২-২৩ অর্থবছরে ৫৫৫ কেজি, ২০২৩-২৪ অর্থবছরে ৪১৭ কেজি এবং ২০২৪-২৫ অর্থবছরে ১৬৯ কেজি স্বর্ণ জব্দ করা হয়। এ ছাড়া পরবর্তী সময়ে অর্থাৎ ২০২৬ সালের জুন পর্যন্ত আরও ৬৩ কেজির বেশি স্বর্ণ জব্দ হয়েছে। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, গত দুই-আড়াই বছর সাধারণত ২ থেকে ২.৫ কেজির ছোট চালান ধরা পড়লেও চলতি বছর থেকে ১৫ কেজি বা তার বেশি ওজনের বড় চালান ধরা পড়ছে। তবে গোয়েন্দাদের ধারণা, মোট চোরাচালানের মাত্র ১০ থেকে ২০ শতাংশ স্বর্ণ ধরা পড়ে, বাকি বড় অংশই পাচার হয়ে যায়। গোয়েন্দাদের দাবি, চোরাকারবারিরা উড়োজাহাজের কার্গো হোল্ডের প্যানেল বক্স, টয়লেটের ভেতরের গোপন স্থান এবং যাত্রী আসনের নিচের অংশ ব্যবহার করছে যেখানে সাধারণ যাত্রীদের কোনো প্রবেশাধিকার নেই। বিমানের অভ্যন্তরীণ কর্মীদের সরাসরি সহায়তা ছাড়া যন্ত্রাংশ খুলে এসব স্থানে স্বর্ণ লুকানো অসম্ভব। উল্লেখ্য, বিমানে বড় আকারের স্বর্ণ চোরাচালানের নজির নতুন নয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে ২০১৩ সালের ২৪ জুলাই; সেদিন বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ১২৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। ওই মামলার তদন্ত শেষে ডিবি পুলিশ বিমানের ১০ কর্মীসহ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল। এছাড়া ২০১৪ সালের ২৫ মার্চ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের আরেকটি ফ্লাইট থেকে ১০৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানান। সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন, পরিবার পরিকল্পনা জোরদার করতে এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও মৌলিক চাহিদার মতো বিষয় বিগত সরকারের সময়ে চরম অবহেলিত ছিল। বর্তমান সরকার পরিবার পরিকল্পনাসহ স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ ও সেবার মান বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে এবং হেলথ কার্ডসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ মতবিনিময় শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ। আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ নিয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বিরোধীদলীয় নেতা।
ভূরাজনৈতিক উত্তেজনা আর ডলারের মূল্যবৃদ্ধির কারণে গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। তবে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান ধাতুটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অস্থিরতা এবং দেশটির আসন্ন মূল্যস্ফীতির তথ্য ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে এই দাম বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৩ হাজার ৬১৬ ডলার ৫১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৬ ডলার ৬০ সেন্টে পৌঁছায়। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছিল। গত মার্চের পর এটিই ছিল ধাতুটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের পতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের সুদের হার সম্পর্কে বিনিয়োগকারীদের প্রত্যাশায় পরিবর্তন এনেছে। এতে স্বর্ণের দামে কিছুটা সমর্থন তৈরি হয়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৯৩ দশমিক ৫ শতাংশ। গত সপ্তাহে এই সম্ভাবনা ছিল প্রায় ১০০ শতাংশ। সুদের হার বাড়ার সম্ভাবনা কমলে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় কমে যায়। ফলে স্বর্ণের আকর্ষণ বাড়ে। তবে বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের এই উত্থানকে এখনই দরপতনের সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই। শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের বাধ্যতামূলক সম্পদ বিক্রির কারণে স্বর্ণের দামে আবারও চাপ তৈরি হতে পারে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ ডলার ৪১ সেন্ট হয়েছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ করে। এগুলোর প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ ডলার ৮৫ সেন্ট এবং ৯০৩ ডলার ১৫ সেন্টে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে। স্পিকারের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী। সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং দিন ও রাতের তাপমাত্রা কমে আসবে। আগামী এক-দুই দিনের মধ্যে সারাদেশে ঠান্ডার অনুভূতি বাড়তে পারে। সোমবার (২৩ নভেম্বর) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানান। আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, সাগরে আপাতত নতুন কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টির সম্ভাবনা নেই। তবে গত অক্টোবরের শেষ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে তিনটি সাইক্লোন তৈরি হয়েছিলো। এ কারণে এতো দিন স্থলভাগ তুলনামূলক উষ্ণ এবং শীতের অনুভূতি কম ছিলো। আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, এখন থেকে সারাদেশে শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে রাজধানী ঢাকায় শীতের আমেজ ভালোভাবে অনুভূত হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। ২২ নভেম্বর ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত উইলিস টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক। প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এ নামকরণের কার্যক্রম পরিচালিত হয়। সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর জনপ্রিয়তা বিশেষভাবে বিবেচনা করা হয়। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়। উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’। সূত্র: বাসস
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সার্বিক প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, গার্মেন্টস খাতকে ঘিরে চলমান যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ সোচ্চার রয়েছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে পোশাক খাতের মালিক ও শ্রমিকদের সৌহার্দ্যপূর্ণ একই পরিবেশে দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি। রোববার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, এ আয়োজন গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, ক্ষতিকর রাসায়নিকের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা এখন সময়ের দাবি। এসব গবেষণার ফলাফল আগামী দিনে কার্যকর শ্রমনীতি প্রণয়ন ও কারখানা পরিদর্শন কার্যক্রম জোরদারে সহায়তা করবে। তিনি আরও বলেন, শ্রমিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে সরকার, মালিক, শ্রমিক ও গবেষকদের মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তবে শ্রমিক অসন্তোষকে আড়াল করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করতে চায়। জাতীয় অর্থনীতির মূল ভিত্তি এই তৈরি পোশাক খাত রক্ষা করা সবার দায়িত্ব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, মালিক ও শ্রমিক—এই তিন পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে। প্রণীত ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আগের প্রথা ভেঙে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন বছরের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের সদস্যরা দ্রুত একটি ন্যায়সংগত ও যুগোপযোগী মজুরি কাঠামো নির্ধারণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং শ্রমিক নেতা আনোয়ার হোসাইনসহ দেশি-বিদেশি গবেষক ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় নিরাপত্তা, অবৈধ অভিবাসন রোধ, মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশকে হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। সাক্ষাৎকালে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল উপযুক্ত দেশ থেকে জি-টু-জি (G2G) পদ্ধতিতে সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।মানচিত্র দেখুন এ ছাড়া বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে আলোচনায় সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন’ (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এই কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। মানচিত্র দেখুন
গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পাঁচ কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দীকে প্রেষণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সদস্য (প্রকৌশল) পদে পদায়ন করা হয়েছে। সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমাদকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে সিলেট গণপূর্ত জোনে পদায়ন করা হয়েছে। এদিকে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প বিভাগের সদস্য মো. আব্দুল গোফফারকে ঢাকা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী করা হয়েছে। অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) (রিজার্ভ) আমিনুর রহমানকে প্রেষণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প বিভাগের সদস্য পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কেয়ারটেকার পদ থেকে নিরাপত্তা কর্মকর্তা পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের হালনাগাদ তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের সংস্থাপন শাখা-৪ থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি জারি করা হয়েছে। চিঠির তথ্য অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন গণপূর্ত সার্কেল-২ (চট্টগ্রাম), ইডেন ভবন গণপূর্ত বিভাগ (ঢাকা), শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-২ (ঢাকা-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি) এবং নগর গণপূর্ত বিভাগ ঢাকার অধীন ওসমানী স্মৃতি হলে কর্মরত কেয়ারটেকার পদ হতে নিরাপত্তা কর্মকর্তা পদে পদোন্নতির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কেয়ারটেকার পদে ফিডার পদধারী কর্মচারীদের নির্ধারিত ছক মোতাবেক হালনাগাদ তথ্য পাঠাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে সর্বশেষ ৫ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন, নিয়োগ আদেশের কপি, চাকুরি স্থায়ীকরণ আদেশের কপি, পদোন্নতির প্রজ্ঞাপন (প্রযোজ্য ক্ষেত্রে) এবং শূন্য পদের তালিকা সংযুক্ত করতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রণয়নের লক্ষ্যে পত্র জারির ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী তথ্যগুলো জরুরি ভিত্তিতে বিশেষ বাহক মারফত প্রেরণ করতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে কর্মচারীর নাম, পদবী, বর্তমান কর্মস্থল, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ আদেশ ও মেধাক্রম, স্থায়ীকরণ আদেশ, প্রথম যোগদানের তথ্য এবং ফিডার পদে প্রথম যোগদানের তারিখ ও পদবীর তথ্য চাওয়া হয়েছে।
ভতুর্কি মূল্যে কৃষকের মধ্যে সার বণ্টনের জন্য সারাদেশে ডিলার নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে অন্তত ১৫১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট। সারের ডিলারশিপ নিয়ে এশিয়া পোস্টের বিশেষ আয়োজন ‘ইনসাইট স্টোরি’-তে উঠে এসেছে এ তথ্য। ৪১টি জেলায় ডিলারশিপ পেয়েছেন এই ১৫১ জন। তাদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা আওয়ামী পরিবারের সদস্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি ডিলার হয়েছেন চট্টগ্রাম বিভাগে ৩৮ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪, কুমিল্লায় ১১, চট্টগ্রাম জেলায় ৬, ফেনী ও রাঙ্গামাটিতে ৩ জন করে ও নোয়াখালীতে একজন। এরপরেই খুলনা বিভাগে ২৭ জন। এর মধ্যে সাতক্ষীরা ও ঝিনাইদহে ৬ করে, বাগেরহাটে ৫, যশোর ও চুয়াডাঙ্গায় ৩ করে, নড়াইলে ২, খুলনা ও কুষ্টিয়ায় একজন করে। ঢাকা বিভাগে ২৬ জন, যার মধ্যে ফরিদপুরে ৭, নরসিংদীতে ৪, গোপালগঞ্জ ও মাদারীপুরে ৩ জন করে। বরিশাল বিভাগের ১৯ জনের মধ্যে শুধু পটুয়াখালীতেই ১২ জন। আর রংপুর বিভাগের ১৪ জনের মধ্যে নীলফামারীর রয়েছেন ৭ জন। এ ছাড়া রাজশাহী বিভাগের ১২ জনের এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন আর সিলেট বিভাগের ৯ জনের মধ্যে সুনামগঞ্জ জেলায় রয়েছেন ৭ জন। ময়মনসিংহ বিভাগে দলটির ৬ জন ডিলারশিপ পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডিলার হয়েছেন যুবলীগ নেতা জসিম মিয়া। সুনামগঞ্জের শাল্লায় ডিলার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর স্ত্রী ঝিমলি রানী তালুকদার। তার স্বামী জুলাই হত্যা মামলায় আসামি হয়ে গ্রেপ্তার ছিলেন। বর্তমানে পালাতক। নীলফামারীর ডিমলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক মোবারক আল ইসলাম পেয়েছেন সারের ডিলারশিপ। পিরোজপুর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলামের স্ত্রী ফাতেমা খানম এবং আওয়ামী লীগ কর্মী আরাফাত হোসাইন ডিলারশিপ পেয়েছেন। ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবলীগ কর্মী মো. তরিকুল ইসলাম, নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সোহেল লস্করের ভাই লস্কর মোসাদ্দেক ইমরান এবং আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে ডিলারশিপ পেয়েছেন আমিনুল ইসলাম। বরগুনার আমতলীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মুন্সির ছেলে সোহাগ মিয়া এবং বরগুনা জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন। কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. আবদুর রব (ভাই ভাই ট্রেডার্স), মো. আবুল হাশেম (শেখ ট্রেডার্স), সাবেক এমপি আবুল কালাম আজাদের সহযোগী মো. হাবিবুর রহমান (হাবিব স্টোর) ও মো. সফিকুল ইসলাম (সোহাগ এন্টারপ্রাইজ), চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মী নুরুল আলম (মেসার্স আলম এন্টারপ্রাইজ), লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসাইন (মেসার্স তানিশা এন্টারপ্রাইজ) ও মনজুর আলম (মেসার্স বিছমিল্লাহ ট্রেডিং), নোয়াখালীর সুবর্ণচরে যুবদল নেতার মামা ও আওয়ামী লীগ সমর্থক মো. আজিজ (জোহরা ট্রেডার্স), ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ ইব্রাহিম (মেসার্স হারুন এন্টারপ্রাইজ) ও মহি উদ্দিন (ফরায়েজি ট্রের্ডাস), রাঙ্গামাটির নানিয়ারচরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী তপন দেবনাথ (মেসার্স তপন এন্টারপ্রাইজ) এবং কাপ্তাইয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বাসিং থোয়াই মারমা ডিলার হয়েছেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আওয়ামী লীগ কর্মী মোছা. মিনারা বেগম (মেসার্স মারুফা ট্রেডার্স) ও রাজারহাটে আওয়ামী লীগ নেত্রী মোছা. মর্জিনা বেগম (মেসার্স শাহী ট্রেডার্স), গাইবান্ধার কামারজানীতে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদকের স্ত্রী জুই আক্তার (মেসার্স জুই ট্রেডার্স), নীলফামারীর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই মো. আবু সালেহ সোহেল রানা (মেসার্স সোহেল এন্টারপ্রাইজ), লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ সমর্থক ফাহিম শাহরিয়ার (মেসার্স ভাই ভাই ট্রেডার্স), কালীগঞ্জে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মাহফুজা ফারিহা বর্ষা (ফাইজান ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে সোমবার থেকে পৃথক মতবিনিময় বা সংলাপ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর ও এনসিপির সূত্র জানায়, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়। আজ রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে সভা ডাকা হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রীর সংলাপে কয়জন অংশ নিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিক সাধুবাদ জানায়। এনসিপির একজন সাংগঠনিক সম্পাদক জানায়, লন্ডন থেকে সন্ধ্যায় ঢাকায় নামবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দলের বৈঠকে না থাকলেও প্রধানমন্ত্রীর সংলাপে নাহিদসহ আরো ৩জন যাওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিকেলে দলীয় ফোরামের আলোচনায়। যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর, সোমবার এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছি। ইসি কমিটির একজন সদস্য জানায়, বৈঠকে তারা জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যে ফাটল ধরার কারণ, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিএনপির কিছু নেতাকর্মী কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুলবে। সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক জোট বিদ্যমান রয়েছে। নতুন করে ঐক্যের প্রয়োজন হওয়ার অর্থ হলো পূর্ববর্তী ঐক্যে কোথাও ফাটল তৈরি হয়েছে, যার কারণ অনুসন্ধান করা জরুরি। এদিকে আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আসার পর দলটির সাথে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। তিনি প্রত্যাশা করেন, সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে।
জাহিদুল আলম আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস) বাংলাদেশ চ্যাপ্টারের ৪র্থ বার্ষিক সম্মেলন ও ১০ম বার্ষিক সাধারণ সভা। শনিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রথিতযশা সার্জন, গবেষক ও নবীন চিকিৎসকরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন এসিএস বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা গভর্নর অধ্যাপক মুর্তজা কে. আই. কিউ. চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাদরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর। সম্মেলনে আধুনিক সার্জারির বিভিন্ন দিক, চিকিৎসায় নতুন উদ্ভাবন, গবেষণা, রোগীর সেবা ও চিকিৎসার মানোন্নয়ন নিয়ে চারটি বৈজ্ঞানিক অধিবেশনে প্রবন্ধ ও গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। বক্তারা বলেন, বাংলাদেশের শল্যচিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় চ্যাপ্টারের ১০ম বার্ষিক সাধারণ সভা ও সমাপনী অনুষ্ঠান। সম্মেলনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে সহযোগিতা করে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস।
দীর্ঘদিন চাকরি করার পর পদোন্নতি পেয়ে বাংলাদেশ সচিবালয়ের অফিস সহকারী, সাঁটলিপিকার, ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা সহকারী সচিব হন। সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পরীক্ষা দিয়েই তারা ওই পদ পান। তবে পদোন্নতি পেলেও তাদের প্রায় সবাই শেষ কর্মদিবস পর্যন্ত একই মন্ত্রণালয়ে থেকে যেতে চান। মূলত অনিয়ম-দুর্নীতি ও বিশেষ কিছু সুযোগ-সুবিধার কারণে তারা অন্য কোনো মন্ত্রণালয়ে যেতে চান না বা যাওয়ার চেষ্টা করেন না বলে অভিযোগ পাওয়া গেছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, পদোন্নতিপ্রাপ্তদের সুপ্রশিক্ষিত কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারাও নিজ নিজ খাতে সুনাম অর্জন করতে পারবেন। এজন্য সরকারকে পদোন্নতি পাওয়া সহকারী সচিবদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণের আয়োজন করতে হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পরও ওই ব্যক্তিদের নিজ মন্ত্রণালয়ে পড়ে থাকার কয়েকটি কারণ চিহ্নিত করেছেন তারা। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, যারা অফিস সহকারী হিসেবে যোগ দিয়ে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান, তাদের যোগ্যতা নেই অন্য মন্ত্রণালয়ে গিয়ে ভালো কাজ করার। এজন্য তারা নিজ মন্ত্রণালয়েই থেকে যেতে চান। তবে যারা সরাসরি প্রশাসনিক কর্মকর্তা থেকে সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তারা যেকোনো স্থানে গিয়ে ভালো কাজ করছেন। আর যারা একই মন্ত্রণালয়ে বছরের পর বছর কাজ করছেন তাদের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে ওঠেছে। তারা বিভিন্ন তথ্য আদান-প্রদানের মাধ্যমে বাড়তি সুযোগ-সুবিধা নিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনিক কর্মকর্তার পদ থেকে সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া একজন কর্মকর্তা বলেন, যারা বছরের পর বছর একই মন্ত্রণালয়ে কাজ করছেন তাদের কাছে সব ধরনের তথ্য থাকছে। তারা প্রায়ই বিভিন্ন ঠিকাদার, পদোন্নতির অপেক্ষায় থাকায় চিকিৎসক, সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বাড়তি সুবিধা আদায় করে থাকেন। আবার অনেকে নির্বিঘ্নে অবসর ভাতা (পেনশন) নেওয়ার জন্য নিজ নিজ মন্ত্রণালয়ে শেষ কর্মদিবস পর্যন্ত থাকেন। যারা ব্যক্তিগত কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হচ্ছেন তাদের ফাইল তৈরির দক্ষতা খুবই কম। অপরদিকে প্রশাসনিক কর্মকর্তারা যেকোনো মন্ত্রণালয় গিয়ে ভালোভাবে কাজ করতে পারেন। ফিরোজ মিয়া জনপ্রশাসন বিশেষজ্ঞ জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া সিটিজেন জার্নালকে বলেন, ‘নন–ক্যাডার থেকে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সহকারী সচিব হন। যারা ব্যক্তিগত কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হচ্ছেন তাদের ফাইল তৈরির দক্ষতা খুবই কম। অপরদিকে প্রশাসনিক কর্মকর্তারা যেকোনো মন্ত্রণালয় গিয়ে ভালোভাবে কাজ করতে পারেন। এজন্য সরকারের উচিত যারা পদোন্নতি পাচ্ছেন তাদের প্রশিক্ষিত করে তোলা। তাহলে তারা যেকোনো মন্ত্রণালয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন। একইসঙ্গে তাদের নামে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা যায় সেটিও আর শোনা যাবে না।’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনেক প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও) চাকরিতে যোগদান করে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হয়ে গেছেন। তবে তারা এখনও একই মন্ত্রণালয়ে কাজ করছেন। এর মধ্যে রহিমা খাতুন প্রশাসনিক কর্মকর্তা থেকে সহকারী সচিব হিসেবে বিধি–৩ শাখায় সংযুক্ত, মোস্তফা কামাল ও শফিকুর রহমান প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা থেকে সহকারী সচিব হিসেবে সওব্য–১৩, জয়তন রায় সওব্য–১৩ শাখায়, নূরুল ইসলাম ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী সচিব হয়ে ঊর্ধ্বতন নিয়োগ–৪ শাখায় আছেন। এছাড়া আনসার আলী সরকার ব্যক্তিগত কর্মকর্তা থেকে শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ নূরের নবী শৃঙ্খলা–২ শাখা, ব্যক্তিগত কর্মকর্তা রমিছা জাহান আইন–৩ শাখা, প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পদোন্নতি পেয়ে সহকারী সচিব পদে আইন–৫ শাখায় কর্মরত আছেন। কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা–২১ শাখায় সংযুক্ত আছেন সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া তারিক আহমেদ। তিনি এই মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন। মনিরুজ্জামান নীতি–৫ শাখার সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে আরও কয়েকজন সহকারী সচিব হওয়ার পরও একই মন্ত্রণালয়ে আছেন। তাদের মধ্যে সাদেকুর রহমান মিঞা সম্প্রসারণ–৩ শাখা, নজমল হক সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা, লিটন কুমার চৌধুরী মনিটরিং ও রিপোর্টিং শাখা, ফেরদৌসি আখতার উপকরণ–১ শাখা, আহম্মদ আব্দুর রাজ্জাক খান পেপার কাটিং ও ক্লিপিং শাখায় কর্মরত রয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হয়েছেন শামছুন্নাহার বেগম। গত বছরের ৯ ডিসেম্বর তিনি একই মন্ত্রণালয়ের পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা–১ শাখায় যোগদান করেন। একই মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোল্যা খসরুজ্জামানও পদোন্নতি পেয়ে সহকারী সচিব হয়েছেন। গত বছরের ১০ ডিসেম্বর থেকে তিনি একই মন্ত্রণালয়ের প্রশাসন–৫ শাখায় কর্মরত রয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেশকিছু কর্মকর্তা প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার–২ শাখায় অফিস সহকারী হিসেবে যোগদান করেন এমকে হাসান জাহিদ। পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হন। বর্তমানে সহকারী সচিব হিসেবে পদোন্নতির পাওয়ার পরও একই শাখায় কর্মরত রয়েছেন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, পদোন্নতিপ্রাপ্তদের সুপ্রশিক্ষিত কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারাও নিজ নিজ খাতে সুনাম অর্জন করতে পারবেন। এজন্য সরকারকে পদোন্নতি পাওয়া সহকারী সচিবদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণের আয়োজন করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেরামত শাখার সহকারী সচিব মো. আবদুল মান্নান। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি অফিস সহকারী থেকে প্রশাসনিক কর্মকর্তা ও সবশেষ সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান। কামাল হোসেন সাঁটলিপিকার হিসেবে যোগ দিয়ে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হন। তিনি এখন একই মন্ত্রণালয়ের নার্সিং সেবা–২ শাখায় কাজ করছেন। রেজাউল করিম অফিস সহকারী হিসেবে যোগ দিয়ে এখন সহকারী সচিব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন–২ শাখায় কর্মরত আছেন। তিন যুগ আগে একই মন্ত্রণালয়ের অফিস সহকারী হিসেবে যোগদান করে মোহাম্মদ ইসমাইল। এখন তিনি সহকারী সচিব হিসেবে বাজেট–৩ শাখায় কর্মরত। পদোন্নতি পেয়ে সহকারী সচিব হওয়ার পরও একই মন্ত্রণালয়ে থেকে যাওয়ার কারণ জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব আকনুর রহমান মুঠোফোনে বলেন, ‘পদোন্নতির পর তাকে (সহকারী সচিব) যেকোনো স্থানে পদায়ন করা যায়। তবে অনেকেই তদবির করে নিজ নিজ মন্ত্রণালয়ে থাকতে চান। যেহেতু এসব পদে কর্মরতরা কোনো নীতি-নির্ধারক পদে নেই, সে কারণে তাদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়। তবে অনেকের যোগ্যতারও ঘাটতি রয়েছে।’
সরকার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।’ রোববার (২২ নভেম্বর) দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো- বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা। প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরি দাতা হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘এসএমই নীতিমালা প্রণয়ন করছে সরকার এবং তা শিগগিরই বাস্তবায়ন করা হবে।’ ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নেন।
দেশে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে পারে। বিরোধী জোটের জামায়াতে ইসলামীসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে এ আলোচনায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে সরকারপ্রধানের। এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা ‘আমার দেশ’-কে জানিয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ লন্ডন সফর শেষে দেশে ফিরবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এনসিপিকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হতে পারে। তবে সোমবারই বৈঠক অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাহিদ ইসলাম দেশে ফেরার পর বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা। একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও বৈঠক আয়োজনের দায়িত্ব পালন করছেন বিএনপির একজন হুইপ। তবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে বৈঠক করবেন, নাকি পৃথকভাবে আলোচনা করবেন, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি ও সংশ্লিষ্ট দলগুলোর সুবিধা বিবেচনায় নিয়ে দুই ধরনের বৈঠকেরই সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সূত্রগুলো জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিষয়টিও সংলাপে গুরুত্ব পেতে পারে। এরই ধারাবাহিকতায় গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতার মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পর সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। অন্যদিকে, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। সংসদের ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপের উদ্যোগকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে স্পিকার বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধ এ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। এ সম্পর্ক আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি। সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্পিকার। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে। সংসদে বিরোধী দলও সক্রিয় ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সংসদের নারী সদস্যদের দক্ষতা ও প্রশিক্ষণের প্রশংসা করে স্পিকার বলেন, তাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাতে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় ককাস গঠন, পর্যটনশিল্পের বিকাশ এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মতবিনিময় হয়। এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে জাতীয় সংসদের আগামী অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান। সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের পরিবর্তে ফরিদপুরের কালুখালী পর্যন্ত চলাচল করবে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনটি গোপালগঞ্জ যাবে না। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ পর্যন্ত চালানো হবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত চলাচল শুরু করবে। রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সীমান্ত ঘেঁষা লালমনিরহাটে অবস্থিত এ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভিসি এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ এবং স্মারক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এর আগে আজ সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। এ সফরে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি। দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিন সকালে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় গুরত্বপূর্ণ কয়েক দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনাদের সঙ্গে আলাদা বৈঠক করেন খলিলুর রহমান। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুদেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো এসব বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় বৃহস্পতিবার দেবে নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মামলার রায়কে ঘিরে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত। আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে। অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।” বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে। মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।