রাজনীতি

আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি

তাসনিম ফারাহ নভেম্বর ১৯, ২০২৬ 0
আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি
নেতাকর্মীদের তালিকা

 


সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও জনআস্থা অটুট রাখতে এবার নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের কোনো ছাড় দেবে না দলটি।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতা মামলার আসামিদের থানা থেকে ছাড়ানোর তদবির বা যে কোনো ধরনের সহযোগিতার প্রমাণ মিললেই নেওয়া হবে কঠিন ব্যবস্থা। এ ক্ষেত্রে অভিযুক্ত নেতাকর্মীদের স্থায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অভিযুক্ত নেতাকর্মীদের তালিকা তৈরি করছে গোয়েন্দা সংস্থা। পাশাপাশি বিএনপির একটি উচ্চপর্যায়ের টিমও পৃথকভাবে তালিকা করছে। এই টিমের কাজ হলো অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা এবং সত্যতা প্রমাণিত হলে দলীয় হাইকমান্ডের কাছে বিষয়টি তুলে ধরা। পরবর্তীতে এর ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ডিসেম্বরে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে ঘিরে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সরকার বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির কেউ আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তারা বলছেন, বহু মানুষের রক্তের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ অর্জিত হয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপির কারও দ্বারা পতিত ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।

আওয়ামী লীগ আমলে হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িতরা গ্রেপ্তারের পর স্থানীয় বিএনপি নেতারা তাদের ছাড়িয়ে নিতে হস্তক্ষেপ করছেন। বিভিন্ন সময়ে এমন নানা খবর সামনে এসেছে। ফলে এখন বিএনপির সাংগঠনিক শুদ্ধতা রক্ষার ওপর জোর দিচ্ছেন দলটির নেতারা।


তাদের মতে, এতে দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধীদের সুরক্ষা দেওয়ার সংস্কৃতি বন্ধ হবে। স্থায়ী বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নীতি দলের ভেতরে ও বাইরে শক্তিশালী বার্তা পৌঁছে দেবে।

এ বিষয়ে সরকারি দলের অবস্থান পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘যে কোনো অনৈতিক কর্মকাণ্ড বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। তারপরও দল থেকে বহিষ্কারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে, যাতে কেউ দলের নাম ভাঙিয়ে পার পেয়ে যেতে না পারে।’

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গোপন বৈঠক এবং অনলাইনে দলীয় তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ উঠেছে, তৃণমূল পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মী ব্যক্তিগত স্বার্থে, আর্থিক লেনদেনের বিনিময়ে কিংবা আত্মীয়তার সূত্রে আওয়ামী লীগের পলাতক বা অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন। যদিও শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা এবং প্রতিপক্ষের বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে সারা দেশে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি।

২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয়ভাবে প্রকাশিত শৃঙ্খলাজনিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১টি বহিষ্কারাদেশ জারি করা হয়। এমনকি বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর দায়ে মন্ত্রী ও সংসদ সদস্য পদও ছাড়তে হয়েছে।

রাজনৈতিক দলগুলো সাধারণত অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গের দায়ে পদ স্থগিত বা বহিষ্কারের মতো সাংগঠনিক শাস্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বিএনপি এবার এক ধাপ এগিয়ে বহিষ্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, অনেক সময় বহিষ্কারের পরও অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাই পুলিশের হাতে সোপর্দ করা বা মামলা দায়েরের মাধ্যমে তাদের আইনের আওতায় নেওয়া হলে অপরাধ প্রবণতা কমবে।

থানা থেকে আসামি ছাড়িয়ে নেওয়ার তদবির পুলিশের পেশাদারিকে বাধাগ্রস্ত করে। এখন আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিষয়ে বিএনপির জিরো টলারেন্সের ফলে পুলিশ প্রশাসন রাজনৈতিক চাপ ছাড়াই নাশকতাকারী ও অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, ‘দলের কেউ অপরাধ করলে কিংবা জনবিরোধী ও শৃঙ্খলাপরিপন্থি কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে নমনীয়তা দেখানো হবে না। অভিযোগ প্রমাণিত হলে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি থাকবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা।’


প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধরার পর তাকে ছাড়ানোর জন্য কোনো বিএনপি নেতার ফোন আসলে তাকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে গণ্য করে প্রতিহত করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গত ৩১ অক্টোবর এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এশিয়া পোস্টকে বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের কোনো প্রকৃত কর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। দলীয় পরিচয়কে কেউ যেন অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের আশ্রয় দিলে জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এই উপলব্ধি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব আজীবন বহিষ্কারের মতো চরম শাস্তিমূলক ও আইনানুগ ব্যবস্থার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।’


বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এশিয়া পোস্টকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এমতাবস্থায় বিএনপির কোনো নেতা যদি তাদের সহযোগিতা করেন, তবে তা পরোক্ষভাবে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই দলীয় শাস্তির পাশাপাশি ‘আইনানুগ ব্যবস্থা’ নেওয়ার মাধ্যমে বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ও প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে।’

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, পতিত সরকারের নেতাকর্মীদের সহযোগিতাকারীদের ছাড় না দেওয়ার যে নীতি গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে কেন্দ্রীয় নজরদারি আরও জোরদার করতে হবে। এতে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক আশ্রয় ও সুরক্ষা বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগের জন্য মাঠপর্যায়ে সংগঠিত হওয়া কঠিন হয়ে পড়বে। এই নীতির ফলে দলের ভেতরে থাকা সুবিধাবাদী ও দুর্নীতিগ্রস্ত অংশটি চাপে পড়বে এবং ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। এতে সাংগঠনিকভাবে দল আরও সুসংহত হবে।

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে হানিট্র্যাপ, সুদের কারবার ও ব্ল্যাকমেইলের অভিযোগ—মুগদার ঐশীকে ঘিরে নতুন তথ্য

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

রাজনীতি

View more
আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি : রুমিন ফারহানা
আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি : রুমিন ফারহানা

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এবার বিদ্রোহী ও বহিষ্কৃতদের বিএনপিতে ফেরানো হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে, রুমিন ফারহানা বিএনপি ফেরার জন্য আবেদন করেননি বলে নিশ্চিত করেছেন। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’ তিনি বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’ উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও এ জেড এম রেজওয়ানুল হক। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

News নভেম্বর ২৩, ২০২৬ 0
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ আ. লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ আ. লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধিদল

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধিদল

সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলনে যাবে ১১ দল

সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলনে যাবে ১১ দল

সরকারের বিরুদ্ধে ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু আওয়ামী লীগের
সরকারের বিরুদ্ধে ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু আওয়ামী লীগের

  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু করেছেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এই সাবেক স্বৈরশাসকের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ঘটেছে প্রাণহানির ঘটনা। বাংলাদেশে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা বিরাজ করছে। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও লক্ষ্যবস্তু করছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও নতুন করে চাপ সৃষ্টি করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। একসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক ছিল। সহিংসতার নেপথ্যে কারা গত দেড় সপ্তাহে শেখ হাসিনার সমর্থকেরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ছোট আকারের বিদ্রোহ চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে অগ্নিসংযোগ করেছেন। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে পরিস্থিতি ছিল উত্তপ্ত। সেখানে একটি পুলিশ স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। ২০২৪ সালে কয়েক সপ্তাহের গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগপর্যন্ত শেখ হাসিনা দলটির নেতৃত্বে ছিলেন। বিক্ষুব্ধ জনতা তার সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার পর তিনি নাটকীয় পরিস্থিতিতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে দ্য নিউ ইয়র্ক টাইমস যোগাযোগ করলেও তারা কোনো জবাব দেননি। গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে নতুন করে বিতর্কের জন্ম দেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের সরকার তাকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবাস এমনকি প্রাণহানির ঝুঁকি রয়েছে—এ বিষয়েও তিনি সম্পূর্ণ সচেতন বলে জানান। শেখ হাসিনার জন্মস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোপালগঞ্জে সহিংসতা ও আওয়ামী লিগপন্থিদের বিক্ষোভ ছিল সবচেয়ে তীব্র। বিক্ষোভকারীরা পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ৩৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষোভকারীরা অস্ত্র হাতে মিছিল করেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেন এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেন। শুক্রবার সকালে মহাসড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন নির্বাসনে শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার প্রথম মেয়াদ চলে ২০০১ সাল পর্যন্ত। ওই বছর নির্বাচনে তার দল পরাজিত হয় এবং ক্ষমতায় আসে বিরোধী জাতীয়তাবাদী শক্তি। পরবর্তী বছরগুলোতে দুই রাজনৈতিক শিবিরের দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগ ও প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে তোলে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কর্তৃত্ববাদী আচরণ ও কঠোর দমন-পীড়নের অভিযোগ তুলেছে। ২০০৯ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনে ব্যাপক বলপ্রয়োগের আগপর্যন্ত দলটি ক্ষমতায় ছিল। ২০২৪ সালের আন্দোলনের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, এ ব্যবস্থায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিরা বিশেষ সুবিধা পাচ্ছিলেন। প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও পরবর্তী সময়ে তা তরুণ আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লিগপন্থি কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ওই আন্দোলন ও দমন-পীড়নে সর্বোচ্চ এক হাজার ৪০০ মানুষ নিহত হন। এছাড়া শেখ হাসিনা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেন এবং আন্দোলনকারীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন। সামনে কী ঘটতে পারে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের প্রতিক্রিয়ায় বাংলাদেশের উপপররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির তাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। তবে ভারতের পক্ষ থেকে তাকে প্রত্যর্পণের সম্ভাবনা খুব বেশি বলে মনে করা হচ্ছে না। এর আগে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী নয়াদিল্লি। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে এক বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, আন্দোলনকারীরা ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পাচ্ছেন। শুক্রবার বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

News নভেম্বর ২২, ২০২৬ 0
মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সিরাজগঞ্জে দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা

সিরাজগঞ্জে দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা

কোটালীপাড়ায় আওয়ামী লীগের ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

কোটালীপাড়ায় আওয়ামী লীগের ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

সন্ত্রাস, ক্ষমতা আর বাকশাল মিলে আ.লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ: মির্জা গালিব
সন্ত্রাস, ক্ষমতা আর বাকশাল মিলে আ.লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ: মির্জা গালিব

  সন্ত্রাস, ক্ষমতা আর বাকশাল—এই তিনে মিলে আওয়ামী লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ বলে মন্তব্য করেছেন বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদ ড. মির্জা গালিব। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ ডিসেম্বর মাস সামনে রেখে সন্ত্রাস শুরু করছে। ডিসেম্বর বাংলাদেশীদের জন্য বিজয়ের মাস। এই মাস আমাদের বিজয়ের বার্ষিকী উদযাপন করার সময়। অথচ আওয়ামী লীগ এই মাসকেই বেছে নিছে সন্ত্রাস করার জন্য। কেন? কারণ আওয়ামী লীগের মাইন্ডসেটে তারা নিজেরা ছাড়া আর কেউ ম্যাটার করে না। না দেশ, না মানচিত্র, না মানুষ। ক্ষমতায় থাকার জন্য সে দেশকে ভারতের হাতে তুলে দিতে পারে, ক্ষমতা উদ্ধারের জন্য সে দেশকে সন্ত্রাসের পোড়া মাটিও বানাইতে পারে। আওয়ামী লীগ যে এখন সন্ত্রাস করতেছে, এইটা সে কেন করতেছে? কারণ সে ক্ষমতা ফেরত চায়। ক্ষমতা পাইলে সে কী করবে? ফ্যাসিজম কায়েম করবে। গুম করবে, খুন করবে, ইলেকশন ডাকাতি করবে, সারা জীবন ক্ষমতায় থাকবে। বাকশাল করবে। সন্ত্রাস, ক্ষমতা আর বাকশাল—এই তিনে মিলে আওয়ামী লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ। বাংলাদেশের বর্তমান আর ভবিষ্যতে এই সন্ত্রাসের, এই সন্ত্রাসীদের কোন যায়গা হইতে পারে না।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘সন্ত্রাসী আওয়ামী লীগের নড়াচড়ার মধ্য দিয়ে এইটা স্পষ্ট হইতেছে যে, বাংলাদেশের সামনে এখন একটা বড় কাজ হইল আওয়ামী লীগের সন্ত্রাসের একটা শেষ সীমা টানা। আওয়ামী লীগ তার ১৭ বছরের ফ্যাসিস্ট শাসন টিকাইতে পারে নাই। পুরো বাংলাদেশ থেকে পরাজিত আর বিতাড়িত হইয়া এখন শুধু গোপালগঞ্জে আছে। কিন্তু সে মনে মনে ভাবে, সন্ত্রাস কইরা, জ্বালাও-পোড়াও কইরা আবার সে ফেরত আসতে পারবে। এই ভাবনাটা তিন কারণে সে করে। এক, ভারতের সাথে তার এখনো পুরাতন প্রণয় আছে। এইটা পুরাপুরি শেষ হয় নাই। দুই, দেশের মধ্যে আওয়ামী লীগের কাছে নিজের বিবেক-বুদ্ধি বন্ধক দেওয়া একটা সুবিধাবাদী গ্রুপ আছে। তারা মনে-প্রাণে আওয়ামী লীগকে ফিরায়ে আনতে চায়। তিন, আওয়ামী লীগের বিচার আমরা শেষ করতে পারি নাই। যদি তাদের অপরাধের সমান বিচারটা তারা এতদিনে পাইত, তাহলে নতুন করে এই সন্ত্রাস করার সাহস তারা এখন করত না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত ছিল— আওয়মালীগের সন্ত্রাসের উচিত বিচার করা এবং যা কিছু ফ্যাসিস্ট, যা কিছু আওয়ামী লীগীয়, তার সব কিছু বাদ দিয়ে একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করা। আওয়ামী লীগের সংবিধান বাদ দিয়ে দেওয়া। আওয়ামী লীগের দুর্নীতি আর সন্ত্রাসের রাজনীতির স্টাইল বাদ দিয়ে দেওয়া। কথাবার্তা, আচরণে আওয়ামীপনা বাদ দিয়ে দেওয়া। তারেক রহমানের সামনে এই সুযোগটা ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার শেষ করা, জুলাই সনদ বাস্তবায়ন করা, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা, নিজের দলকে গণতান্ত্রিকভাবে সাজানো, দুর্নীতি আর সন্ত্রাসের বিপক্ষে জিরো টলারেন্স স্ট্যান্ড নেওয়া, ফ্যাসিজম বিরোধী সকল দলের সাথে একটা কনস্ট্রাকটিভ সম্পর্ক রাখা, সবাই মিলে দেশটাকে সামনের দিকে আগায়ে নিয়ে যাওয়া। দেশ ও জাতিকে পরিবর্তনের এই রকম মোমেন্ট একটা জাতির জীবনে খুব বেশি আসে না। আমাদের ৭১ এ আসছিল, ৭৫-এ আসছিল, আর ৯০-এ আসছিল। ২৪ আমাদেরকে সেই সুযোগটা আবার দিয়েছে। আপনারা যারা ক্ষমতায় আছেন, এই সুযোগটা হারাইয়েন না। এখনো সময় আছে, সব কিছু বদলে দেওয়ার। ঠিক রাজনীতিটা করেন প্লিজ।’ তিনি আরো লেখেন, ‘একটা রাজনৈতিক দলের ডিএনএতে কতটা সন্ত্রাস থাকলে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পরও তারা আবার সন্ত্রাসের পথ ধরেই ফিরতে চায়!’

News নভেম্বর ২২, ২০২৬ 0
সাদিক কায়েমের বাড়িতে ‘অগ্নিসংযোগের চেষ্টা’ ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

সাদিক কায়েমের বাড়িতে ‘অগ্নিসংযোগের চেষ্টা’ ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতিসহ ৫ নেতা বিবাহিত, আছে সন্তানও

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতিসহ ৫ নেতা বিবাহিত, আছে সন্তানও

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী নাহিদ

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী নাহিদ

0 Comments