অপরাধ

পোস্টিং বাণিজ্যের আড়ালে মাসোহারা সিন্ডিকেট

তামিম রেহমান অক্টোবর ৪, ২০২৬ 0
পোস্টিং বাণিজ্যের আড়ালে মাসোহারা সিন্ডিকেট
(পিডি

 


দেড় হাজার কোটি টাকার ‘সুফল (টেকসই বন ও জীবিকা) প্রকল্প’ শুধু কেনাকাটার দুর্নীতিতেই সীমাবদ্ধ ছিল না; বনায়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, গুরুত্বপূর্ণ পদে পোস্টিং বাণিজ্য এবং শীর্ষ কর্মকর্তাদের ঘিরে ‘মাসোহারা সিন্ডিকেট’-এর চিত্রও সামনে এসেছে। প্রকল্পের টাকা ভাগাভাগি ও কমিশন দিতে অস্বীকৃতি জানালে খোদ প্রকল্প পরিচালককে (পিডি) সরিয়ে দেওয়ার মতো অভিযোগও করেছেন বন কর্মকর্তাদের কয়েকজন।

প্রকল্পের আওতায় ‘সমৃদ্ধকরণ বাগান’ তৈরির নামে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের নথিতে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। এর সঙ্গে অ-কাঠ বনজ পণ্য বা এনটিএফপিভিত্তিক বাগান তৈরির নামে আরও ১৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের দাবি, দেশের কয়েকটি অঞ্চলে কোনো ধরনের বাগান না করেই শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে এই বিপুল অর্থ তুলে নেওয়া হয়েছে। দুই খাত মিলিয়ে দুর্নীতির অভিযোগের পরিমাণ ৬৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকা।

পিডি বদলেও আর্থিক সমঝোতা : বন কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, সুফল প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক রাকিবুল হাসান মুকুলকে সরিয়ে দেওয়ার নেপথ্যে ছিল আর্থিক সমঝোতার বিষয়। তাদের দাবি, প্রকল্পের মোট বাজেট থেকে ১০ শতাংশ অর্থ কমিশন হিসাবে দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে ড. গোবিন্দ রায়কে নতুন প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, তাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের আর্থিক সমঝোতা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে চেষ্টা করেও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

লাভজনক পদে ‘পোস্টিং বাণিজ্য’ : সুফল প্রকল্পের বনায়ন ও বাজেট বরাদ্দ যেখানে বেশি ছিল, সেসব গুরুত্বপূর্ণ পদে বসার জন্য আর্থিক লেনদেনের একটি ব্যবস্থা গড়ে উঠেছিল বলে অভিযোগ করেছেন কয়েকজন বন কর্মকর্তা। তাদের ভাষ্য, বিভাগীয় বন কর্মকর্তা, রেঞ্জ কর্মকর্তা এবং বিভিন্ন চেকস্টেশনে পদায়ন ঘিরে বড় অঙ্কের অর্থ নেওয়া হতো।

দুদকের অভিযানসংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনেও বন অধিদপ্তরে বদলি, পদায়ন প্রক্রিয়ায় অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেনের প্রাথমিক তথ্য পাওয়ার কথা বলা হয়েছে।

মাসোহারার অভিযোগ : প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর বিরুদ্ধে দেশের বিভিন্ন বিভাগীয় বন কর্মকর্তা, রেঞ্জ ও চেকস্টেশন থেকে নিয়মিত ‘মাসোহারা’ নেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন বন কর্মকর্তা। অভিযোগকারীদের দাবি, দেশের প্রায় ৪৫ জন বিভাগীয় বন কর্মকর্তার কাছ থেকে মাসে কয়েক কোটি টাকা, প্রায় ৪২০টি রেঞ্জ থেকে আরও কয়েক কোটি টাকা এবং বিভিন্ন চেকস্টেশন থেকেও নিয়মিত অর্থ নেওয়ার একটি ব্যবস্থা ছিল। তাদের দাবি, এই ‘মাসোহারা সিন্ডিকেট’-এর মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়া হতো।

‘বিশেষ বলয়’ নিয়ন্ত্রণে প্রকল্প : ২০২০ সালের মার্চে মো. আমীর হোসাইন চৌধুরী প্রধান বন সংরক্ষকের দায়িত্ব নেন। তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত একটি ‘বিশেষ বলয়’ সুফল প্রকল্পের নিয়ন্ত্রণ নেয় বলেও দাবি করেছেন কর্মকর্তাদের কয়েকজন। ওই বলয়ে আরএসএম মনিরুল ইসলাম, বিপুল কৃষ্ণ দাস, মো. আব্দুল আওয়াল সরকার, মিহির কুমার দে, মো. মাইন উদ্দিন, ড. গোবিন্দ রায় ও জাহেদুল কবিরের নাম এসেছে। অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের (ক্ষমতাচ্যুত) আমলে তৎকালীন বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ রক্ষায় আরএসএম মনিরুল ইসলাম মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও অন্য এক বন কর্মকর্তার ভূমিকা ছিল। প্রধান বন সংরক্ষক তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী মহলের খুব ঘনিষ্ঠ ছিলেন।

দুদকের জালে দুর্নীতির খতিয়ান : সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বন অধিদপ্তরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। তারা বিভিন্ন নথি সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। একই বছরের আগস্টে সুফল প্রকল্পে দুর্নীতির তদন্ত শুরু হওয়ার খবর প্রকাশিত হয়। ২০২৬ সালের সাম্প্রতিক প্রতিবেদনেও প্রকল্পটির বনায়ন কার্যক্রম নিয়ে দুদকের গভীর অনুসন্ধানের কথা এসেছে। কাগজে দেখানো বনায়নের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতায় প্রায় ৩৫০ হেক্টরের ব্যবধান নিয়েও অনুসন্ধান চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১২ ধরনের নথি চাওয়া হয় : এই প্রতিবেদনের অনুসন্ধানের অংশ হিসাবে তথ্য অধিকার আইনের আওতায় প্রধান বন সংরক্ষকের দপ্তরে সুফল প্রকল্পের ১২ ধরনের গুরুত্বপূর্ণ নথি চাওয়া হয়। এর মধ্যে ছিল মূল ও সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব, প্রতিটি ক্রয় প্যাকেজের দরপত্র, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন, কার্যাদেশ, গাড়ি ও সরঞ্জাম কেনার চুক্তি, সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকানা ও সংশ্লিষ্ট তথ্য, নিরীক্ষা প্রতিবেদন, বনায়নের স্থানভিত্তিক তালিকা, অবস্থান নির্ণায়ক তথ্য, উপগ্রহচিত্র, নার্সারি থেকে চারা উত্তোলন ও বিতরণের রেজিস্ট্রার, বাগানভিত্তিক হিসাব, টিস্যু কালচার ল্যাবের উৎপাদন তথ্য, প্রকল্পের অর্থছাড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদনসংক্রান্ত নথি।

আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করে সংশ্লিষ্ট দপ্তর একাধিকবার সময় নেয়। এরপরও চাওয়া তথ্যের বড় অংশ পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, প্রকল্পের সব কাজ নিয়ম মেনে হয়ে থাকলে ব্যয়, ক্রয় ও মাঠপর্যায়ের বাস্তবায়নের নথি প্রকাশে বাধা কোথায়?

তথ্যের লুকোচুরি, নীরব অভিযুক্তরা : প্রকল্পের অভিযোগের বিষয়ে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেও তিনি কোনো সদুত্তর দেননি। পরে তথ্য অধিকার আইনে চাওয়া তথ্যের বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি শুধু ‘দিচ্ছি, দেব’ বলে সময়ক্ষেপণ করেছেন।

সুফল প্রকল্পের পরিচালক ড. গোবিন্দ রায়ের সঙ্গেও অনিয়মের অভিযোগ নিয়ে একাধিকবার কল ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনিও কোনো উত্তর দেননি।

সুফল প্রকল্পের অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই সরকারি নথিতে থাকার কথা। একটি গাড়ির দাম কেন বেশি-তার উত্তর রয়েছে দরপত্রে। ফটোকপি মেশিন কত দামে কেনা হয়েছে, তা জানা যাবে কার্যাদেশে। কোনো বাগান সত্যিই হয়েছে কি না, তার প্রমাণ থাকার কথা অবস্থান নির্ণায়ক তথ্য, মাঠপর্যায়ের ছবি ও উপগ্রহচিত্রে। ল্যাব চালু হয়েছে কি না, তার উত্তর রয়েছে উৎপাদন রেজিস্ট্রারে। প্রকল্পের অর্থ কোথায় গেছে, তা জানা সম্ভব অর্থছাড়, হিসাব ও নিরীক্ষা প্রতিবেদনে। ফলে তথ্য অধিকার আইনে আবেদন করার পর নির্ধারিত সময়ে তথ্য না দেওয়া এবং গড়িমসি করায় দুর্নীতির অভিযোগগুলো নিয়ে আরও বড় প্রশ্ন উঠেছে।

বন রক্ষার জন্য নেওয়া প্রকল্পে যদি বনায়ন কেবল কাগজেই থাকে, কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত অবকাঠামো যথাযথভাবে ব্যবহার না হয়, ক্রয়ে অস্বাভাবিক মূল্য ব্যবধান থাকে এবং প্রকল্পের নথি চেয়েও তা পাওয়া না যায়, তাহলে প্রশ্ন শুধু আর্থিক অনিয়মের নয়-রাষ্ট্রীয় প্রকল্প ব্যবস্থাপনা, সরকারি অর্থের ব্যবহার ও জবাবদিহি নিয়েও।

প্রায় দেড় হাজার কোটি টাকার এই জাতীয় প্রকল্পের মূল ও সংশোধিত ডিপিপি, দরপত্র, ঠিকাদারি বিল এবং নিরীক্ষা প্রতিবেদন জনগণের সামনে প্রকাশের দাবি উঠেছে। বনের জন্য বরাদ্দ অর্থ কোথায় গেছে, তার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশের প্রয়োজনীয়তার কথাও বলেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, দুদক গত বছর ‘সুফল’সহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বন অধিদপ্তরে একটি অভিযান পরিচালনা করে। পরে অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু করা হয়। তিনি বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা বন অধিদপ্তরে রেকর্ডপত্র তলব করেছেন। বন অধিদপ্তরের তথ্য সংগ্রহের কাজ চলছে।

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে হানিট্র্যাপ, সুদের কারবার ও ব্ল্যাকমেইলের অভিযোগ—মুগদার ঐশীকে ঘিরে নতুন তথ্য

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

অপরাধ

View more
নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনার প্রতীকী চিত্র।
নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত চারজন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।এই দুর্ঘটনায় ১৭ বছর বয়সী কলেজছাত্রী সোমাইয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হন। তিনি নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।সোমাইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়া বাসিন্দা আমির হোসেনের কন্যা। পড়াশোনার জন্য নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে নানা জাহাঙ্গীর আলমের বাড়িতে থাকতেন।সোমবার সকালে রসুল্লাবাদ থেকে অটোরিকশায় কলেজে যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। মোটরসাইকেলটি সড়কের পশ্চিম পাশ থেকে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেছিল।সংঘর্ষে সোমাইয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশায় সফর করত তিন থেকে চার যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে শ্রীরামপুর গ্রামের দুজন শিক্ষার্থী ইভা ও মিথিলা প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।নবীনগর সরকারি হাসপাতালের চিকিৎসক কামরুল হাসান জানিয়েছেন, সোমাইয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মাথায় গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণ ছিল।নবীনগর থানার পরিদর্শক রাজীব কান্তি নাথ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করেছে। মোটরসাইকেল চালককে পাওয়া যায়নি।হাসপাতাল কর্তৃপক্ষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Desk Reporter নভেম্বর ২৪, ২০২৬ 0

অনিয়ম-দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগে বিতর্কে রাজউক কর্মকর্তা ইলিয়াস

কাস্টমস বন্ড কমিশনার নাহিদা ফরিদীর বিরুদ্ধে বিচারিক ক্ষমতা প্রয়োগের অভিযোগ!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসাদুজ্জামান ফুয়াদকে আদালত অবমাননার অভিযোগে সতর্ক করল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করল

১০ মামলা চাপা দিয়ে পদোন্নতির তোড়জোড়—টার্গেট দেড় কোটি টাকা?
১০ মামলা চাপা দিয়ে পদোন্নতির তোড়জোড়—টার্গেট দেড় কোটি টাকা?

  বন অধিদপ্তরে জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিতর্ক, ৩০০ কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ! বন অধিদপ্তরে পদোন্নতি ঘিরে অনিয়ম, অর্থ সংগ্রহ ও প্রভাবশালী কর্মকর্তাদের তৎপরতার অভিযোগ উঠেছে। ফরেস্টার থেকে ডেপুটি রেঞ্জার এবং ডেপুটি রেঞ্জার থেকে ফরেস্ট রেঞ্জার পদে পদোন্নতির প্রক্রিয়ায় জ্যেষ্ঠতা লঙ্ঘন, নিয়োগবিধি উপেক্ষা এবং বিচারাধীন মামলার তথ্য যথাযথভাবে বিবেচনা না করার অভিযোগ তুলেছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। তাঁদের দাবি, নিম্ন ও উচ্চ আদালতে অন্তত ১০টি মামলা বিচারাধীন থাকা অবস্থায় পদোন্নতির সুপারিশ এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে পদোন্নতি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে দেড় কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে অভিযোগের কেন্দ্রে রয়েছেন আমীরুল হাসান, খান জুলফিকার, আব্দুল আহাদ, নাজমুল হাসান ও নাজমুল সর্দারসহ কয়েকজন কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার ও মাঠপর্যায়ে অর্থ সংগ্রহের সমন্বয়ের অভিযোগ করেছেন বঞ্চিতরা। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পদোন্নতিতে দেড় কোটি টাকার হিসাব অভিযোগকারীদের দাবি, পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যাচভিত্তিক সমন্বয়কের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে বন বিভাগের কয়েকজন কর্মীর কথোপকথনের অডিও রেকর্ড থাকার কথাও জানিয়েছেন তাঁরা। একটি কথোপকথনে হাটহাজারী রেঞ্জের ডেপুটি রেঞ্জার সাইফুলের কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়ার আলোচনা রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে—অডিও রেকর্ডের সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং অর্থ লেনদেনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। জ্যেষ্ঠতা নিয়ে বড় বিতর্ক: ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৫৪ জন ফরেস্টারকে ২০২০ সালের ১৩ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষভাবে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়। এ আদেশে জ্যেষ্ঠতা নির্ধারণে বৈষম্যের অভিযোগ উঠেছে। ২০০৫ সালে ফরেস্টার পদে যোগ দেওয়া এক কর্মকর্তা দাবি করেছেন, ২০০৭ সালেই তাঁর পদোন্নতির যোগ্যতা অর্জিত হলেও পরবর্তী সময়ে পদোন্নতি পাওয়া কয়েকজনকে জ্যেষ্ঠতার তালিকায় তাঁর ওপরে রাখা হয়েছে। ১৯৯০ থেকে ১৯৯৬ সালের মধ্যে যোগ দেওয়া এবং ২০০০ ও ২০০৪ সালে রাজস্ব খাতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আদালতে মামলা, পদোন্নতি নিয়ে প্রশ্ন পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ও ৩-এ একাধিক মামলা বিচারাধীন। অভিযোগকারীদের দেওয়া তথ্যে ০৭৪/২০২৫, ২৯৪/২০২৫, ৩৭৬/২০২৫, ৩৮৬/২০২৫, ১০/২০২৬ ও ২২১/২০২৬ নম্বর মামলা উল্লেখ রয়েছে। এ ছাড়া হাইকোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ১১১০/২০২৬-এর সূত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের তথ্য পাওয়া গেছে। তবে ওই আদেশ পদোন্নতির পুরো প্রক্রিয়ার ওপর প্রযোজ্য কি না, তা পূর্ণাঙ্গ আদালত আদেশ ছাড়া নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, প্রশাসনিক ট্রাইব্যুনালের ১১০/২০২৬ নম্বর মামলায় প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। প্রকাশিত আদালত-সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ নভেম্বর শুনানিতে তাঁকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক ভূঁইয়া বলেন, উচ্চ আদালতে মামলাগুলো বিচারাধীন এবং সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ পাঠানো হয়েছে। এ অবস্থায় পদোন্নতির কার্যক্রম এগিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। মামলা-তদন্তের মধ্যেও পদোন্নতির অভিযোগ অভিযোগকারীদের দাবি, দুদকের মামলা, বিভাগীয় তদন্ত ও ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায়ও কয়েকজন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তাঁদের মধ্যে আমীরুল হাসান, চিন্ময় মধু ও সুলতানুল আলমের নাম উল্লেখ করেছেন তাঁরা। তবে এসব মামলার বর্তমান অবস্থা ও পদোন্নতির ক্ষেত্রে আইনগত বাধা ছিল কি না, তা সংশ্লিষ্ট নথি দিয়ে যাচাই করা প্রয়োজন। মামলা বিচারাধীন থাকাই অপরাধ প্রমাণের সমতুল্য নয়। কর্তৃপক্ষের বক্তব্য: এ বিষয়ে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। সহকারী প্রধান বন সংরক্ষক হুমায়ুন কবির বলেন, নিম্ন আদালতের মামলাগুলোতে পদোন্নতির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কারও নাম ব্যবহার করে অর্থ আদায় করা হলে তার দায়ভার তিনি নেবেন না। পিএসসির ১৫ নম্বর ইউনিটের পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞা না থাকলে পদোন্নতি কার্যক্রম চালাতে আইনগত বাধা নেই। উচ্চ আদালতের কোনো নোটিশ তাঁর কাছে পৌঁছায়নি। জ্যেষ্ঠতা নির্ধারণে অসংগতি, বিচারাধীন মামলার তথ্য এবং দেড় কোটি টাকা সংগ্রহের অভিযোগ—সব মিলিয়ে বন অধিদপ্তরের পদোন্নতি প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে গুরুতর প্রশ্ন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আদালতের আদেশ ও নিয়োগবিধি অনুসরণ করে পদোন্নতি কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা।

News নভেম্বর ২৩, ২০২৬ 0
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের প্রতীকাত্মক চিত্র

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

জাল ভিসা ও পাসপোর্ট জালিয়াতি চক্রের প্রতীকী চিত্র

চট্টগ্রামে জাল ভিসা চক্রের সদস্য আটক, ১৭ পাসপোর্ট জব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাভার ছাত্র হত্যাকাণ্ডে ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

সাভার ছাত্র হত্যাকাণ্ডে ১৯ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

বিমানবন্দরের এয়ার ফ্রেইট ও কুরিয়ার ইউনিটে দুর্নীতির অভিযোগ, বৈধ পণ্যের আড়ালে অবৈধ পণ্য খালাস!

  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট এবং কুরিয়ার ইউনিটে কার্গো গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা ও ছাড়পত্র প্রদানের প্রক্রিয়াটি বর্তমানে এক গভীর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বৈধ পণ্যের আড়ালে অবাধে চলছে অবৈধ মোবাইল এলসিডি, প্রসাধনী, বিদেশি মাদক তথা শীসা এবং অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট আমদানি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, এই রমরমা চোরাচালান ও ঘুষ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত রয়েছেন ঢাকা কাস্টম হাউসের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রভাবশালী সিন্ডিকেট সদস্যরা। আমদানিকারক ও ব্যবসায়ীদের অভিযোগ, শুল্ক খাতের নিয়মকানুন ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এই অবৈধ কার্যক্রম অব্যাহত রেখেছে। জানা যায়, উপকমিশনার (ডিসি) সাইফুর রহমান, শুল্কায়ন গ্রুপের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসানের এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিনসহ একাধিক কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে ঘুষ গ্রহণ ও অবৈধ পণ্য আমদানির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও কুরিয়ার সিন্ডিকেটের মো. মুনতাকির ইসলাম জাতীয় পরিচয়পত্র গোপন করে আমদানীকৃত পণ্য খালাস করয়ে দিচ্ছেন। তার বিরুদ্ধে অবৈধ মোবাইল এলসিডির ব্যবসার অভিযোগ রয়েছে। মসলার চালানের আড়ালে ৩০ কেজি শীসা ও ফুড সাপ্লিমেন্টের অবৈধ চালান: সাম্প্রতিক সময়ে আমদানিকৃত একটি চালানের ঘটনায় এই সিন্ডিকেটের থলের বেড়াল বেরিয়ে এসেছে। আমদানিকারক প্রতিষ্ঠান ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং এবং সিঅ্যান্ডএফ এজেন্ট এম এম ট্রেডার্স বিল অব এন্ট্রি নম্বর সি ১০৩৯১৭২ (তারিখ: ০৫.১০.২০২৬) এর মাধ্যমে মাত্র ৩ কেজি মসলা আমদানির ঘোষণা দেয়। কিন্তু অত্যন্ত সুকৌশলে সেই ঘোষণার আড়ালে আনা হয় আল ফাকহার ব্র্যান্ডের ৩০ কেজি বিদেশি মাদক শীসা এবং ঔষধ প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই বিপুল পরিমাণ ফুড সাপ্লিমেন্ট। অথচ কাস্টমসের নিয়ম অনুযায়ী আমদানিকৃত পণ্যের এইচএস কোড ও শুল্কায়ন যাচাই এবং পাউডারজাতীয় উপাদানের ক্ষেত্রে বাধ্যতামূলক কেমিক্যাল টেস্ট করার কথা থাকলেও এয়ার ফ্রেইট ইউনিটের উপকমিশনার (ডিসি) সাইফুর রহমান কোনো পরীক্ষণের সুপারিশ বা কেমিক্যাল টেস্ট ছাড়াই সেই চালান ছাড়ের ব্যবস্থা করেন। শুল্কায়ন গ্রুপের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান মোটা অঙ্কের উৎকোচ গ্রহণ করে এই বেআইনি প্রক্রিয়াকে বৈধতা দেন। কেজি প্রতি নির্ধারিত ঘুষের অঙ্ক এবং ক্ষমতার দাপট: তথ্য প্রমাণে জানা যায়, ঢাকা কাস্টম হাউসের কুরিয়ার ও এয়ার ফ্রেইট ইউনিটে এখন নিয়মতান্ত্রিক শুল্ক আদায়ের পরিবর্তে ওজন এবং পণ্যের উৎসের ওপর ভিত্তি করে কেজিপ্রতি নির্দিষ্ট ফিক্সড ঘুষ আদায়ের এক অদ্ভুত নিয়ম চালু রয়েছে। আমদানিকারকদের বাধ্য করা হচ্ছে প্রতি কেজি পণ্যে নির্দিষ্ট অংকের ঘুষ দিতে। এই ঘুষের ভাগবাটোয়ারা ও সংগ্রহের ক্ষেত্রে এয়ার ফ্রেইটের ডিসি মোহাম্মদ সাইফুর রহমান এবং প্রিভেনটিভের ডিসি এইচ. এম. কবিরের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, ডিসি সাইফুর রহমান নিজেকে রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে দাবি করেন যে এই ঘুষের টাকা তাকে ওপরের মহলে পৌঁছাতে হয়, যার ফলে উচ্চ পর্যায় থেকেও তাকে আটকানোর উপায় নেই। একই সাথে এয়ার ফ্রেইট ইউনিটের যুগ্ম কমিশনার ফাতেমা খায়রুন নূর সাপ্তাহিক ভিত্তিতে বিদেশি মুদ্রায় ঘুষ গ্রহণ করেন বলে গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া আগের কমিশনারদের আমলে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করলেও বর্তমান কমিশনার রইচ উদ্দিন খানের যোগসাজশে এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। ভুয়া এনআইডি ও পরিচয় গোপনের নেপথ্যে মুনতাকির এবং লজিস্টিক কারসাজি: কুরিয়ার সিন্ডিকেটের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন মো. মুনতাকির ইসলাম। তিনি তার জাতীয় পরিচয়পত্র নম্বর (২৮৭৯৬৯৭৪৪৫), জন্ম তারিখ এবং পিতা-মাতার নামসহ প্রকৃত পরিচয় গোপন করে অবৈধ মোবাইল এলসিডি এবং অন্যান্য কমার্শিয়াল পণ্য খালাস করে আসছেন। তার স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলায়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রাম হলেও তিনি ঢাকায় বসে কমিশনার রইচ উদ্দিনসহ সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। অনুসন্ধানে আরও জানা গেছে, ডে লাইট ও এম এম ট্রেডার্স সিঅ্যান্ডএফের শেখ মেহেদী হাসান মূলত সাবেক ডিসি প্রিভেন্টিভ এবং বর্তমান ডিসি প্রশাসন মো. আমিনুল ইসলামের ক্যাশিয়ার হিসেবে কাজ করেন। ডিসি আমিনুল প্রিভেন্টিভ দায়িত্বে থাকাকালীন মেহেদীর বেশ কয়েকটি সন্দেহজনক চালান সিআইসি লক দিলেও কোনো ধরনের কায়িক পরীক্ষণ ছাড়াই তা দ্রুত ছেড়ে দেওয়া হয়, যার মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। মুনতাকির ইসলাম তার অবৈধ কর্মকাণ্ড ঢাকতে এবং সাংবাদিকদের মুখ বন্ধ করতে আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছেন, যার অডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে। কমিশনারের নীরব ভূমিকা ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি: ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন খানের এই পুরো প্রক্রিয়ায় নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা গোটা কাস্টমস প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। এর আগেও কুরিয়ার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ৭৬ হাজার টাকার পণ্যচালান মাত্র ৩৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার দুর্নীতির প্রমাণ মিললেও কমিশনার কোনো ব্যবস্থা নেননি। এর ফলে সাধারণ ও বৈধ ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে, রাষ্ট্র ও জনগণের কোটি কোটি টাকার রাজস্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) ইতিমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আমদানিকারক ও সংশ্লিষ্ট মহলের জোরালো দাবি হলো, কমিশনার রইচ উদ্দিন খান, ডিসি সাইফুর রহমান, ডিসি এইচ. এম. কবির এবং তাদের নিকটাত্মীয়দের সম্পত্তির হিসাব যাচাই করে অবিলম্বে দুদক আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ডিসি সাইফুর রহমান ও এসি নাজমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। পরে কুরিয়ার সিন্ডিকেটের মো. মুনতাকির ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি তথ্য না দিয়ে প্রতিবেকের সাথে উদ্ধতপূর্ণ আচরণ করেন।

News নভেম্বর ১০, ২০২৬ 0
প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগ, আত্মগোপনে সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক

প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগ, আত্মগোপনে সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক

শেয়ার কারসাজির অভিযোগ  সিটি ব্যাংকের তিন ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে

শেয়ার কারসাজির অভিযোগ  সিটি ব্যাংকের তিন ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে

শিবগঞ্জে যাত্রী ছাউনিতে মিলল ৩৪৫ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

শিবগঞ্জে যাত্রী ছাউনিতে মিলল ৩৪৫ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

0 Comments