পর্ষদে দীর্ঘদিনের ক্ষমতার দ্বন্দ্ব, আদালতের রায় ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বারবার অমান্য করা এবং বৈদেশিক মুদ্রা ও ঋণসংক্রান্ত অনিয়মের পুনরাবৃত্তি; সব মিলিয়ে দেশের সবচেয়ে পুরোনো বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংকের সুশাসন গভীর প্রশ্নের মুখে পড়েছে।
অনুসন্ধানে ব্যাংকটিতে গুরুতর অনিয়ম বের হলেও তদন্ত স্থগিত হয়ে যাওয়া এবং যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এটা প্রমাণ হয় যে, পরিচালনা পর্ষদে দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্যহীনতা ও দুর্বল তদারকি পূবালী ব্যাংককে ঠেলে দিয়েছে কাঠামোগত সংকটের দিকে।
এই সংকটের কেন্দ্রে রয়েছে বৈদেশিক মুদ্রা লেনদেন এবং আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে ধারাবাহিক অনিয়ম। নিয়ন্ত্রক সংস্থাগুলো বারবার এসব সমস্যা চিহ্নিত করলেও শেষ পর্যন্ত সমাধান করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইাসিএসডি) আংশিক অনুসন্ধানে দেখা যায়, পূবালী ব্যাংকের কয়েকটি শাখা ডলার বিনিময়ের ক্ষেত্রে ঘোষিত বাজারদরের চেয়ে বেশি অর্থ আদায় করেছে।
এই অতিরিক্ত অর্থ ব্যাংকের নিজস্ব হিসাবে না গিয়ে অন্য এক গ্রাহকের হিসাবে জমা হয়েছে ; যা ব্যাংকিং আইন ও বৈদেশিক মুদ্রা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে টাইমস অব বাংলাদেশ এই অনুসন্ধান প্রতিবেদনটি পেয়েছে।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে তৈরি করা অসম্পূর্ণ প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল বাজার রোড শাখার গ্রাহক মোহাম্মদী ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড মাল্টি প্রোডাক্টস লিমিটেড ২০২৪ সালের জানুয়ারিতে প্রায় ২ লাখ ২৩ হাজার ডলারের একটি আমদানি এলসি খোলে। এলসির দায় নিষ্পত্তির সময় ব্যাংকটি বাজারদরের তুলনায় প্রতি ডলারে প্রায় ৬ দশমিক ৫ টাকা বেশি নেয়। ওই অতিরিক্ত অর্থ সবমিলিয়ে হয় প্রায় ১৪ দশমিক ৫ লাখ টাকা। যা একই দিনে মতিঝিল করপোরেট শাখার গ্রাহক রিফাত গার্মেন্টস লিমিটেডের হিসাবে জমা করা হয়।
রিফাত গার্মেন্টস হা-মীম গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এর সহযোগী প্রতিষ্ঠান দ্যাটস ইট ফ্যাশনস লিমিটেড পূবালী ব্যাংকের বড় শেয়ারহোল্ডার। দ্যাটস ইট ফ্যাশনসের প্রতিনিধি আবদুর রাজ্জাক মন্ডল ব্যাংকটির পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তদন্তকারীরা দেখেছেন, এই অতিরিক্তি দরে ডলার লেনদেন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একই বছরে সিলেট শাখায় মেসার্স হাসান অ্যান্ড ব্রাদার্সের খোলা চারটি আমদানি এলসিতেও একই নমুনা পাওয়া গেছে, যেখানে ঘোষিত ডলারদরের বাইরে অতিরিক্ত ৮ দশমিক ৮০ লাখ টাকা আদায় করে রিফাত গার্মেন্টসের চলতি হিসাবে জমা করেছে পূবালী ব্যাংক।
এফআইসিএসডি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একাধিক শাখা ও গ্রাহকের ক্ষেত্রে প্রতি ডলারে ৬ দশমিক ৫ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হয়েছে এবং প্রায় সব ক্ষেত্রেই উদ্বৃত্ত অর্থ রিফাত গার্মেন্টসের হিসাবে জমা হয়েছে।
এই অর্থপ্রবাহের ব্যাখ্যা জানতে চাইলে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ অনুসন্ধান দলকে জানিয়েছে, এলসি খোলা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রিফাত গার্মেন্টসের ব্যবসায়িক লেনদেন রয়েছে। তবে বৈধ লেনদেন প্রমাণে ভ্যাট চালান বা অন্য নথি চাইলে ব্যাংক তা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একাধিক কর্মকর্তা বলেন, ঘোষিত দরের বাইরে অর্থ আদায় করে তা তৃতীয় পক্ষের হিসাবে স্থানান্তর করা অত্যন্ত উচ্চঝুঁকির মানি লন্ডারিং। কারণ এসব অর্থের কোনো বৈধ উৎস বা করসংক্রান্ত নথি শনাক্ত করা যায়নি। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা আলাদাভাবে একে বৈদেশিক মুদ্রা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন।
তদন্তকারীরা জানান, প্রায় ৫০টি এলসিতে একই ধরনের অনিয়ম শনাক্ত হয়েছে। তবু মাত্র পাঁচটি এলসি বিশ্লেষণের পরই এফআইসিএসডি’র অনুসন্ধান থামিয়ে দেওয়া হয়।
আংশিক অনুসন্ধানের ভিত্তিতে প্রস্তুত করা প্রতিবেদনটি ছয় মাসের বেশি সময় ধরে ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তরে পড়ে রয়েছে। এতে চিহ্নিত আইন-লঙ্ঘনের অপরাধে কোনো দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।
বৈদেশিক মুদ্রা লেনদেনে এ ধরনের অনিয়ম পূবালী ব্যাংকের জন্য নতুন নয়।
বাংলাদেশ ব্যাংকের এর আগের এক পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত একটি শাখা সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কিনে প্রায় ২১১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে। একই সময়ে সরকারি প্রণোদনা তহবিল থেকে ৫ কোটি ২৮ লাখ টাকা অপচয়ের তথ্যও উঠে আসে।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকরা সতর্ক করেছিলেন, একটি শাখায় এ ধরনের অনিয়ম পাওয়া গেলে অন্যান্য অনুমোদিত ডিলার (এডি) শাখা পরিদর্শনে আরও বড় পরিসরের সমস্যা ধরা পড়তে পারে। তবে ওই অনুসন্ধানও আর এগোয়নি।
এদিকে পূবালী ব্যাংকের ঋণ বিতরণ নিয়েও উদ্বেগ বেড়েছে খাত সংশ্লিষ্টদের মাঝে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিএফআইইউ’র নথি অনুযায়ী, রিফাত গার্মেন্টস, ক্রিয়েটিভ ফ্যাশন, করিম গ্রুপ, বন্দর স্টিল, হক গ্রুপ, রানু এগ্রো, তামিম এগ্রোসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে পর্যাপ্ত জামানত ছাড়া বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছে।
কিছু ক্ষেত্রে ওই ঋণের অর্থ অন্য ব্যাংকের দায় পরিশোধে ব্যবহার করা হয়েছে, যা তহবিল স্থানান্তর ও ঝুঁকি ব্যবস্থাপনায় পূবালী ব্যাংকের গুরুতর ব্যর্থতার ইঙ্গিত দেয়।
এই ঋণসংক্রান্ত অনিয়মের ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতেই দুদক ও বিএফআইইউ আলাদা তদন্ত শুরু করেছে। বড় শেয়ারহোল্ডারদের লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বাধীন একটি গোষ্ঠীর ক্ষমতা ও ব্যাংকের সম্পদ অপব্যবহারের বিষয়গুলো খতিয়ে দেখছে সংস্থা দুটি।
দুদকের তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান টাইমসকে বলেন, কমিশন বর্তমানে পূবালী ব্যাংকের বিরুদ্ধে তিনটি আলাদা অভিযোগ অনুসন্ধান করছে। অভিযোগগুলো বৈদেশিক মুদ্রা লেনদেনে অনিয়ম, নিয়োগ প্রক্রিয়ায় বিধি লঙ্ঘন এবং ১৩টি প্রতিষ্ঠানে দেওয়া ঋণের অনিয়মের সঙ্গে সম্পর্কিত।
তদন্তের অগ্রগতি জানাতে তিনি বলেন, ডলারের অতিরিক্ত দর নিয়ে একটি নির্দিষ্ট গ্রাহকের হিসাবে অর্থ জমা হওয়ার বিষয়টি অনুসন্ধানে এরই মধ্যে প্রমাণিত হয়েছে, আর বাকি অভিযোগগুলোর তদন্ত চলমান। তিনি আরও জানান, পূবালী ব্যাংক বিদ্যমান আইনের লঙ্ঘন করেছে কি না, এর সঙ্গে কে কে জড়িত, তা যাচাই করা হচ্ছে।
‘তদন্তের অংশ হিসেবে আমরা ৭০টি নিয়োগসংক্রান্ত নথি সংগ্রহ করেছি, পাশাপাশি ঋণসংক্রান্ত নথিও নেওয়া হয়েছে। সংগৃহীত প্রমাণ বিশ্লেষণের কাজ চলছে।’
এই তদন্তগুলোর পাশাপাশি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর পুনর্নিয়োগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে ন্যূনতম ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা প্রয়োজন, যেখানে আলীর অভিজ্ঞতা ১৬ বছরের।
তবে নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, এ বিধানটি পূর্বপ্রযোজ্য নয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান টাইমসকে বলেন, নতুন নীতিমালা চালুর আগে যাদের নিয়োগ হয়েছে, তাদের ক্ষেত্রে ২০ বছরের শর্ত স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না।
তিনি বলেন, ‘বর্তমানে যারা এমডি পদে আছেন কিন্তু ২০ বছর পূর্ণ হয়নি, তাদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বিষয়টি এক্সেপশনাল কেস হিসেবে বিবেচনা করা হবে।’
ব্যাংকের সংকট ও অভিযোগগুলোর বিষয়ে মন্তব্য জানতে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীর সঙ্গে ফোন ও মেসেজে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও এই প্রতিবেদন দাখিলের সময় পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
বোর্ডে দীর্ঘস্থায়ী ক্ষমতার দ্বন্দ্ব
পূবালী ব্যাংকের পর্ষদের ভেতরের দ্বন্দ্বটি আদালতের রায়, নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সকেন্দ্রিক একটি ক্ষমতার বলয়ে জড়িয়ে থাকা দীর্ঘস্থায়ী সমস্যার প্রতিফলন।
২০০৮ সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদ ও কার্যকর নিয়ন্ত্রণ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও এর সহযোগী প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের প্রতিনিধিদের হাতেই কেন্দ্রীভূত রয়েছে। এই কেন্দ্রীভূত ক্ষমতা ব্যাংকটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করেছে এবং তদারকি দুর্বল করেছে।
পূবালী ব্যাংকের নথি অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত পর্ষদের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ এমপি হাফিজ আহমেদ মজুমদার, যিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
সময়ের সঙ্গে চেয়ারম্যান বদলালেও নিয়ন্ত্রণের কেন্দ্র বদলায়নি।
২০২০ সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি মনজুরুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং এরপর থেকে ওই পদে বহাল রয়েছেন। রহমান চেয়ারম্যান হওয়ার পর থেকে মজুমদার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বড় শেয়ারহোল্ডারদের একটি অংশ দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রীভূত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আসছে এবং তাদেরকে পর্ষদে প্রতিনিধিত্ব থেকে পদ্ধতিগতভাবে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে। ২০১৩–১৪ সালে ব্যাংকটিতে এক আইনি সংকট তৈরি হয়েছিল, যখন পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন ন্যূনতম শেয়ারধারণের শর্ত পূরণ না করায় মজুমদারসহ আট পরিচালককে অযোগ্য ঘোষণা করেছিল।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট ওই পদগুলো শূন্য ঘোষণা করেন এবং আপিলে সেই রায় বহাল থাকে, যদিও পর্ষদের কাঠামো বলতে গেলে অপরিবর্তিতই থাকে।
এই অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালক পুনর্নির্বাচন নিয়ে বিতর্ক বাড়ে। দুদকের নথি অনুযায়ী, মামলা চলমান থাকা অবস্থায় এবং বহু প্রবাসী শেয়ারহোল্ডার অনুপস্থিত থাকার সময় এজিএম সভা আয়োজন করে প্রক্সি ভোটের মাধ্যমে নিয়ন্ত্রণ পাকাপোক্ত করে ওই মহল।
বাংলাদেশ ব্যাংক ২০১৫ সালে ১০ জন পরিচালক অপসারণের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০১৬ সালে স্বল্প সময়ের জন্য চেয়ারম্যান বদলালেও ২০২০ সালে নিয়ন্ত্রণ আবার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধির হাতেই ফিরে যায়। তবে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্তও ওই একই সিন্ডিকেটের হাতে পর্ষদ কুক্ষিগত ছিল বলে অভিযোগ রয়েছে বিভিন্ন সংস্থায়।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, একক ক্ষমতাকেন্দ্রের দীর্ঘস্থায়ী আধিপত্য করপোরেট প্রতিষ্ঠানে জবাবদিহি দুর্বল করে। আর পুনরাবৃত্ত অনিয়ম ও মাঝপথে থেমে যাওয়া তদারকির প্রেক্ষাপটে খাত সংশ্লিষ্টদের উদ্বেগ সময়ের সঙ্গে আরও তীব্র হয়ে উঠছে।
মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত। আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে। অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।” বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে। মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ২১ নভেম্বর সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। এতে একদিকে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে যাচ্ছে, অন্যদিকে নতুন করে আবাদ করা আলু, সরিষা ও ভুট্টার জমি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আলুর জমিতে কাদা ও পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। রবিবার সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকায় দেখা যায় কয়েক আগে কেটে রাখা আমন ধান তড়িঘড়ি করে নিয়ে যাচ্ছে কৃষকরা। ভূল্লী উপজেলার কচুবাড়ী গ্রামের কৃষক রব্বানী জানান, বারোমাড়া কান্দরে তাঁর দুই একর জমির আমন ধান কেটে রাখা হয়েছে। ধানগুলো প্রায় শুকিয়ে এসেছিল। শনিবারই সেগুলো ঘরে তোলার প্রস্তুতি ছিল তাঁর। কিন্তু সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে গেছে। একই সঙ্গে জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সময়মতো ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন তিনি। অন্যদিকে, কাচারি বাজার গ্রামের কৃষক মো. খোরশেদ আলী জানান, ব্র্যাক সিডের অধীনে তিনি প্রায় চার বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে জমি কাদায় পরিণত হয়েছে। জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় আলুর আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কেউ আমন ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকের ধান এখনো মাঠে পড়ে রয়েছে। ধান কাটার পর অনেক কৃষক জমিতে আলু, সরিষা ও ভুট্টার আবাদ করেছেন। ফলে চলতি সময়ের বৃষ্টি তাঁদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে কেটে রাখা ধান শুকানো ও ঘরে তোলার চিন্তা, অন্যদিকে নতুন আবাদ করা ফসল রক্ষার চেষ্টা দুই দিক সামলাতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি জমিতে দীর্ঘসময় জমে থাকলে নতুন আবাদ করা ফসলের ক্ষতি হতে পারে। বিশেষ করে আলুর জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে আবাদ ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে ভিজে যাওয়া আমন ধান শুকানো ও সংরক্ষণেও বাড়তি ভোগান্তি পোহাতে হবে। তবে টানা বৃষ্টিতে উপজেলায় আমন ধান, আলু, সরিষা ও ভুট্টার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সদর উপজেলার কৃষিকর্মকর্তা নাসিরুল আলম জানান, আগাম বৃষ্টির ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টি তেমন ক্ষতি হবে না। আবহাওয়া ভালো হবে বলে আমরা আশা করছি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু ইউসুফ স্থানীয় একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার শাহরাস্তি উপজেলায়। মাত্র আট মাস আগে নাহিদা ইয়াসমিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তার স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে কুতুবপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে মামলার হাজিরা দিয়ে আসার সময় তাদের মধ্যে মারমারিতে জুয়েল আরমান আহত হয়। এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে জুয়েলের লোকজন। এসময় দেলোয়ারের প্রতিবেশী ইউসুফ ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় হামলার ভিডিও ধারণ করলে তাকে ছুরিকাঘাতে জখম করে জুয়েলের সমর্থকরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন নিহতের স্ত্রী নাহিদা ইয়াসমিন। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ফতুল্লায় আদালত প্রাঙ্গণে জামিন নিতে এসে জুয়েল আরমান নামের এক ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা করেন। এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে জুয়েল আরমানের লোকজন হামলা চালায়। সে সময় হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফ নামের ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।
আইনি ঝামেলা যেন পিছুই ছাড়ছে না চিত্রনায়িকা শামছুন্নাহার বেগম (পরীমনির)! টানছেন একাধিক মামলার বোঝা! কখনো মাদক, আবার কখনো মারধর; বিভিন্ন অভিযোগ-মামলার ভিত্তিতে প্রায়ই কাঠগড়ায় বিচরণ তার। কিছুদিন আগেই, গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের এক মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন পরীমনি। কিন্তু সেখানে গিয়েও তাকে নিয়ে তৈরি হয় বিতর্ক। এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডা, তাকে টেনে নেওয়া এবং এমনকি মারধরের অভিযোগ ওঠে নায়িকার বিরুদ্ধে। পরীমনির দাবি, সেই সাংবাদিক তাকে ব্যাডটাচ করেছিলেন। এর জেরে সেই সাংবাদিকের প্রতি মেজাজ হারান, করেন অকথ্য ভাষা ব্যবহার। তিনি বলেন আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে যান পরীমনি। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেদিনের ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক, তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’ ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। উচ্চ আদালত তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।