দেশের বেকার ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ করে তুলতে আটটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী প্রার্থীরা এসব প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে অষ্টম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদনের সুযোগ রয়েছে। প্রশিক্ষণ চলাকালে দৈনিক উপস্থিতির ভিত্তিতে সরকারি নিয়ম অনুযায়ী ভাতাও দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ভাতার অর্থ পাঠানো হবে বিকাশ ও রকেটের মাধ্যমে।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। কোর্সভেদে প্রশিক্ষণের মেয়াদ তিন থেকে ছয় মাস। কোনো কোনো কোর্সে ভর্তি ফি মাত্র ৫০ থেকে ৩০০ টাকা।
কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
যুব উন্নয়ন অধিদপ্তরের এ কর্মসূচিতে কম্পিউটার, গ্রাফিকস ডিজাইন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, শীতাতপ নিয়ন্ত্রণ, অফিস ব্যবস্থাপনা, পোশাক তৈরি এবং কৃষি ও প্রাণিসম্পদবিষয়ক প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
কোর্স, মেয়াদ, শিক্ষাগত যোগ্যতা ও ফি নিচে দেওয়া হলো—
১. কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন
এ কোর্সের মেয়াদ ছয় মাস। ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। রাঙামাটি ছাড়া দেশের ৬৩টি জেলার ৭০টি কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে। ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোর্স ফি ১ হাজার টাকা।
২. প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন
গ্রাফিকস ডিজাইনে দক্ষতা অর্জনে ছয় মাসের এ প্রশিক্ষণ নেওয়া যাবে। ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় একটি করে মোট পাঁচটি কেন্দ্রে প্রশিক্ষণ হবে। প্রতি কেন্দ্রে আসন ২৪টি। আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। কোর্স ফি ১ হাজার টাকা।
৩. ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং
এ প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস। দেশের ৫৩টি জেলার ৫৪টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকায় রয়েছে দুটি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে আসনসংখ্যা ২৪। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। কোর্স ফি ৩০০ টাকা।
৪. ইলেকট্রনিকস
ইলেকট্রনিকস বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের জন্য ছয় মাসের এ কোর্স চালু থাকবে। ৫৯টি জেলার ৬০টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে আসন ২৪টি। আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। কোর্স ফি ৩০০ টাকা।
৫. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং
রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার মেরামত এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন আগ্রহীরা। ছয় মাসের এ কোর্স হবে ৫৪টি জেলার ৫৫টি কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে আসন ২৪টি। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। কোর্স ফি ৩০০ টাকা।
৬. মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন
অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৬টি জেলার ২১টি কেন্দ্রে এ কোর্স পরিচালিত হবে। প্রতি কেন্দ্রে আসনসংখ্যা ৪০। আবেদন করতে হলে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোর্স ফি ৫০০ টাকা।
৭. পোশাক তৈরি
পোশাক তৈরির কাজ শিখতে আগ্রহীদের জন্য রয়েছে তিন মাসের প্রশিক্ষণ। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত এ কোর্স চলবে। দেশের ৬২টি জেলার ৬৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকায় ছয়টি ও গাজীপুরে দুটি কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে আসন ২৫টি। অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। কোর্স ফি মাত্র ৫০ টাকা।
৮. কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক প্রশিক্ষণ
গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে এ কোর্সে। এটি তিন মাসের আবাসিক প্রশিক্ষণ। দেশের ৬৪টি জেলার আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে কোর্সটি পরিচালিত হবে। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোর্স ফি ১০০ টাকা। এর সঙ্গে ফেরতযোগ্য ১০০ টাকা জামানত দিতে হবে।
প্রশিক্ষণার্থীরা কীভাবে ভাতা পাবেন
প্রশিক্ষণ চলাকালে দৈনিক উপস্থিতির ভিত্তিতে সরকারি বিধি অনুযায়ী ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে ভাতার অর্থ পাঠানো হবে।
বিভাগ অনুযায়ী ভাতা পাওয়ার মাধ্যম নির্ধারণ করা হয়েছে। রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের প্রশিক্ষণার্থীরা বিকাশের মাধ্যমে ভাতা পাবেন। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া হবে রকেটের মাধ্যমে।
যারা পাবেন বিশেষ সুবিধা
বিজ্ঞপ্তিতে কয়েকটি শ্রেণির প্রার্থীর জন্য বিশেষ সুযোগ ও কোটা রাখা হয়েছে। দলিত সম্প্রদায়ের (সুইপার, ঋষি ও ডোম) তরুণ-তরুণীদের জন্য ৪ শতাংশ এবং প্রতিবন্ধী, অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে।
এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা সব প্রশিক্ষণ কোর্সে বিনা মূল্যে ভর্তির সুযোগ পাবেন। যুব সংগঠন কর্তৃক মনোনীত প্রার্থী এবং নারীদের অগ্রাধিকার দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যাঁরা নিজেরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কার্যালয় অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তা নিতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আগে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন করে আবেদন করার সুযোগ নেই।
সাক্ষাৎকার কবে
অনলাইনে আবেদন করা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ২০ থেকে ২২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নিজ নিজ জেলা যুব উন্নয়ন কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে নিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ একনজরে
- আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৬
- সাক্ষাৎকার: ২০–২২ ডিসেম্বর ২০২৬
- প্রশিক্ষণ শুরু: ১ জানুয়ারি ২০২৭
আগ্রহী তরুণ-তরুণীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত। আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে। অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।” বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে। মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে গ্রামীণ পর্যায়ে ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের ঋণ কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত শাখা ও কার্যালয়গুলোতে অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা নিয়মিত ব্যাংকিং সেবা নিতে পারছেন না। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। এর বাইরে রয়েছে ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিস। ব্যাংকটির নিজস্ব ভবন ও স্থাপনা রয়েছে ৬৭৭টি। গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত ব্যাংকটির কার্যক্রম। প্রতিষ্ঠানটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিকানার ৯০ শতাংশ ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের হাতে। বাকি ১০ শতাংশ সরকারের মালিকানাধীন। ফলে ব্যাংকটির শাখা ও কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপুলসংখ্যক গ্রামীণ গ্রাহকের আর্থিক সেবা প্রাপ্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকরা এ সেবা গ্রহণ করতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা। এতে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব ঘটনার নেতিবাচক প্রভাব আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংকিং সেবা পাওয়ার ওপরও পড়তে পারে। ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ এস এম শওকত। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান ব্যাপক ও বহুমুখী। দেশের কৃষি খাত মূলত মিশ্র পদ্ধতির, যেখানে কৃষকরা শস্য চাষের পাশাপাশি গবাদি পশু ও পাখি পালন করে থাকেন। জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে একটি মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণী প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট অনলাইন পদ্ধতিতে বরাদ্দ দেওয়া হবে। আগ্রহীরা ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ লক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর ১৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে সই করেছেন আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত যোগ্যতা ও প্রাধিকার অনুযায়ী বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। আবেদন করতে হবে www.bashaonline.com ওয়েবসাইটের মাধ্যমে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা, তাদের জন্য এফ শ্রেণির বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। এসব বাসার মধ্যে আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনের ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা, তাদের জন্য ই-শ্রেণির বাসা বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। শাহাজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায় এসব বাসা রয়েছে। এ ক্ষেত্রে ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ই-শ্রেণির ন্যূনতম প্রাপ্যতার ওপর ভাড়া কর্তনের শর্তে আবেদনের সুযোগ রাখা হয়েছে। এদিকে সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য ডি-১ শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে। অন্যদিকে অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দে ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তাদের জন্য পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউজ (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলে বিভিন্ন আকারের বাসা বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউজ রোড এলাকায় পূর্ণ বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আবাসন সুবিধা রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেড, ডি শ্রেণির জন্য ১০ম থেকে ১২তম গ্রেড এবং বি শ্রেণির জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। আবেদনের শর্তে বলা হয়েছে, বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসরণ করতে হবে। কেউ জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী তথ্য দিলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রতিটি বিজ্ঞপ্তির কার্যক্রম সম্পন্ন করার পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের পূর্ব পর্যন্ত অনলাইন পদ্ধতিতে প্রাপ্ত জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী ‘অপেক্ষমাণ তালিকা’ সংরক্ষণ করা হবে। পূর্বের বিজ্ঞপ্তিতে বরাদ্দপ্রাপ্ত কোনো কর্মকর্তা বাসার দখলভার গ্রহণ না করলে কিংবা পরবর্তী বিজ্ঞপ্তিতে নতুন বাসা বরাদ্দপ্রাপ্ত হলে এবং আগের বাসাটি ছেড়ে দেবেন মর্মে অবহিত করলে আগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রাপ্ত জ্যেষ্ঠতা অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে উক্ত বাসাটি বরাদ্দ দেওয়া হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী পরপর দুই বার বাসা বরাদ্দ পাওয়ার পরও দখলভার গ্রহণ না করলে তিনি পরবর্তী ছয়টি অনলাইন বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের আবেদন দাখিলের জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ ছাড়া ১ম বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের সুপারিশপ্রাপ্ত কোনো কর্মচারী দ্বিতীয় বিজ্ঞপ্তিতে কোনো বাসা বরাদ্দ না পেলে তৃতীয় বিজ্ঞপ্তি প্রকাশের আগে প্রথম বিজ্ঞপ্তিতে প্রাপ্ত বাসার দখল গ্রহণ না করলে বরাদ্দ বাতিল হবে।